প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, পুলিশের রাতভর অভিযানে উদ্ধার
মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম ::::
চট্টগ্রামের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে মিরসরাই ও জোরারগঞ্জ থানার পুলিশ রাতভর অভিযান করে ভোরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে। অপহরণের শিকার প্রকৌশলী বিজয় হোসেন ফারাবি (২৭)
নরসিংদী জেলা সদর থানার দড়িনবীপুর গ্রামের মো. ইসমাইল মিয়ার ছেলে। ফারাবি মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রি-কাস্ট হাই পারফরম্যান্স কংক্রিট (পিএইচসি) পাইল উৎপাদন কারখানায় উৎপাদন কর্মকর্তা হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কারখানা এলাকার ৫০০ মিটার দূরে সড়ক থেকে অপহরণের শিকার হন এই প্রকৌশলী।
মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার ছুটির দিন হওয়ায় কাজ শেষে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাড়ি যাওয়ার জন্য কর্মস্থল সামুদা কনস্ট্রাকশন লিমিটেড থেকে বের হন বিজয় হোসেন ফারাবি। কারখানা এলাকা থেকে কিছুদূর গেলে নির্মাণাধীন একটি সড়ক থেকে মুখোশ পরা দুই দুর্বৃত্ত জোর করে তাকে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে আগের দুজনের সাথে আরও এক দুর্বৃত্ত যুক্ত হয়ে তার সাথে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। একপর্যায়ে অপহরণকারীরা ওই প্রকৌশলীর হাত পা বাঁধা ছবি তুলে তার স্বজনদের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করে। তার কোন ক্ষতি না করতে স্বজনরা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে কয়েক ধাপে টাকা পাঠায়। অপহরণের ঘটনায় রাত সাড়ে দশটায় ফারাবির স্বজনরা নরসিংদী সদর থানায় সাধারণ ডায়েরি করে। সাথে সাথে নরসিংদী থানা পুলিশ অনলাইনে সাধারণ ডায়েরিটি জোরারগঞ্জ থানায় স্থানান্তর করে। রাত সাড়ে এগারোটা থেকে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ উদ্ধার অভিযানে নেমে ৫ ঘন্টার চেষ্টায় ভোর পৌনে পাঁচটায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকায় একটি চায়না প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে থেকে বিজয় হোসেন ফারাবিকে আহত অবস্থায় উদ্ধার করে। তখন ফারাবির কর্মস্থলের নিরাপত্তা কর্মকর্তা ও সহকর্মীরা তাকে মিরসরাই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াকুব নবী জানান, ভোর ছয়টার দিকে অপহরণের শিকার মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাজ করা প্রকৌশলী বিজয় হোসেন ফারাবীকে এখানে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। আতঙ্কিত ওই প্রকৌশলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাথে আসা লোকজনদের সাথে পাঠিয়ে দিয়েছি। ঘটনার ধকলে তিনি খুব আতঙ্কিত ছিলেন।
অপহরণের শিকার বিজয় হোসেন ফারাবির কর্মস্থল সামুদা কন্সট্রাকশন লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মো. মিনহাজ দেশকাল নিউজকে বলেন, কাজ শেষে কারখানা থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথে সড়কে অপহরণের শিকার হন প্রকৌশলী বিজয় হোসেন ফারাবি। রাতভর অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার করে। আমরা তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। এখন তিনি পরিবারের সদস্যদের সাথে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে অপহরণের শিকার বিজয় হোসেন ফারাবির ভাই মো. জয় হোসেন বলেন, আমার ভাইকে উদ্ধার করার ক্ষেত্রে নরসিংদী সদর থানার পুলিশ, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ও মিরসরাই থানা পুলিশের সমন্বিত যে তৎপরতা সেটি অসাধারণ ছিল। পুলিশের আন্তরিক চেষ্টাতেই আমার ভাইকে ফিরে পেয়েছি। সে এখনো ট্রমাটাইজ। হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। ভাই সুস্থ হলে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব আমরা।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানার প্রকৌশলীকে অপহরণের বিষয়টি জেনে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক ও আমি রাত সাড়ে এগারোটায় অভিযানে নামি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ওই প্রকৌশলীকে নিয়ে বারবার স্থান বদলাতে থাকায় তাকে উদ্ধার করা কঠিন হচ্ছিল। অপহরণের শিকার প্রকৌশলীর মুঠোফোন সচল থাকায় প্রযুক্তির সহায়তায় টানা পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে ভোর পৌনে পাঁচটায় অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকায় একটি চায়না প্রতিষ্ঠানের কার্যালয়ের সামনে থেকে বিজয় হোসেন ফারাবীকে উদ্ধার করি আমরা। অপহরণকারীরা ওই প্রকৌশলীর হাতে অস্ত্র দিয়ে বিবস্ত্র ছবি তুলে ও ভিডিও করে নিয়েছে। অপহরণের বিষয়ে পুলিশকে জানালে এসব ছেড়ে দেয়ার হুমকি দেয় তারা। প্রকৌশলী ফারাবি ও তার পরিবারের কাছ থেকে ধাপে ধাপে মুঠোফোনসহ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে অপহরণকারীরা। এই ঘটনায় ভুক্তভোগী ও তার পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দায়িত্বে থাকা শিল্প পুলিশের পরিদর্শক শওকত হোসেন দেশকালকে বলেন, বৃহস্পতিবার রাতে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সামুদা কনস্ট্রাকশন লিমিটেডের এক প্রকৌশলী অপহরণ ও পরে উদ্ধার হওয়ার বিষয়টি শুক্রবার সকালে জেনেছি। এই ঘটনাটির সাথে যুক্ত অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে কাজ করছি আমরা।
Comments
Post a Comment